সোনার দাম কমছে ক্রমাগত। এত দ্রুত কমছে যে অনেকেই হিসাব কষছেন, এবারে হয়তো সোনার অলংকার কেনা যাবে। মুদ্রার অন্য পিঠও আছে, দাম কমে যাওয়ায় অনেকে লোকসানের হিসাবও কষছেন। বিশেষ করে যাঁরা গত এক বছরে বাড়তি দামে সোনার অলংকার কিনেছেন।
দেশের বাজারে চলতি মাসে দফায় দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই কমেছে সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এইবারে নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, গত ১৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন।
এদিকে দেশের বাজারে সোনার দাম কমার কারণ—বিশ্ববাজারে দামি এই ধাতুর দরপতন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে হয় ৩ হাজার ৫৭০ ডলার। সোনার এই দাম গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অর্থাৎ ১৪ মাসে সোনার দাম কখনোই এতটা কম ছিল না।
বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে সোনা ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।
অবশ্য প্রতি আউন্স সোনার দাম যে হঠাৎ সাড়ে তিন হাজার ডলারের ঘরে নেমেছে, তা নয়। গত জানুয়ারির শেষ দিকে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। এরপর থেকেই ধাতুটির দাম ধীরে ধীরে কমতে থাকে। চলতি মাসে সেই দরপতনের গতি আরও বেড়েছে।
ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের চাঙাভাব, প্রকৃত সুদের হার বৃদ্ধি আর ফেডের মুদ্রানীতি আরও কঠোর হবে—এই প্রত্যাশায় সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমে যাচ্ছে। ফলে সোনার দাম কমে চলছে।
দেশে আট দফায় দাম কমল
দেশের বাজারে চলতি মাসে শুক্রবার পর্যন্ত ১১ বার সোনার দাম সমন্বয় হয়েছে। তার মধ্যে আটবার কমেছে; তিনবার বেড়েছে। গতকাল সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা। রুপার দামও কমেছে ভরিতে ৩৫০ টাকা।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।





























